করোনায় মৃত্যুর মিছিলে আরো ১১৫
![]() |
| করোনায় মৃত্যুর মিছিলে আরো ১১৫ |
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের হুবেই প্রদেশে নতুন করে আরও ১১৫ জনের প্রানহানি হয়েছে। এই নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ২৩৬ জনে। এছাড়া নতুন করে প্রদেশটিতে আক্রান্ত হয়েছেন আরও ৮৮৯ জন। এর আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৩৪৯ জন। গত তিনদিনের চেয়ে বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা বেড়েছে। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৭৬ হাজার ছাড়িয়েছে।
এদিকে, একদিনেই দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫২ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৬ জনে। যাদের অনেকেই দাগু শহরের একটি চার্চের সঙ্গে যুক্ত। এরইমধ্যে দাগু শহরকে বিশেষ ব্যবস্থাপনা জোন হিসেবে ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ।
অন্যদিকে, জাপানের ইয়োকোহামা বন্দরে থাকা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস থেকে বৃহস্পতিবার ১৭০ জন নাগরিককে সরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। এই প্রমোদতরীতে ৬২১ জনের শরীরে করোনার লক্ষণ পাওয়া গেছে। এদের মধ্যে দুইজন মারা গেছেন।
এক যাত্রীর শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়ার পর গত ৩ ফেব্রুয়ারি থেকে এই বন্দরে কোয়ারেন্টাইনে ছিল প্রিন্সেস ডায়মন্ড। কার্নিভাল করপোরেশনের বিলাসবহুল এই প্রমোদতরীতে প্রায় তিন হাজার ৭০০ যাত্রী ছিলেন।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর চীনের বিভিন্ন শহরসহ বিশ্বের ২৮ দেশে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের কারণে বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে।


No comments