এনু-রূপনের বাড়িতে মিললো নগদ সাড়ে ২৬ কোটি টাকা
![]() |
| এনু-রূপনের বাড়িতে মিললো নগদ সাড়ে ২৬ কোটি টাকা |
ক্যাসিনোকান্ডে গ্রেফতার পুরনো ঢাকার দুই ভাই এনু ও রূপনের আরেকটি বাড়িতে অভিযান চালিয়ে নগদ সাগে ২৬ কোটি টাকা ও ৫ কোটি টাকার এফডিআর ও স্বর্ণালংকার উদ্ধার করেছে র্যাব। গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক এই দুই নেতার বাড়িতে গতরাতের পর র্যাব আজ (মঙ্গলবার) সকালে আবারো অভিযান শুরু করে। অভিযানে উদ্ধার হওয়া টাকার গণনা শেষ হয়েছে।
এছাড়া অভিযানে এক কেজি স্বর্ণসহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। আজকের মতো এখানেই অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে, অপর একটি বাসা অভিযান পরিচালনার কথা থাকলেও তেমন কোন আলামত না পাওয়ায় সেই অভিযান স্থগিত করা হয়েছে।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর ওই একই বাসা থেকে ৭৩০ ভরি সোনা ও নগদ ৫ কোটি টাকা জব্দ করেছিল র্যাব।
সংশ্লিষ্টরা বলছেন, গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়া। দুই ভাইয়ের এ বাড়িটি ছিল টাকার গোডাউন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাত থেকে ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে পুরান ঢাকার ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
অভিযান সংশ্লিষ্টরা জানান, গভীর রাতে পুরান ঢাকার ১১৯ লালমোহন সাহা স্ট্রিটে এনামুল ও রূপন ভূঁইয়ার বাড়িতে অভিযান শুরূ করে র্যাব। পাঁচতলা বাড়িটির নিচতলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সাড়ে ২৬ কোটি নগদ টাকা উদ্ধার করা হয়। লোহার ভল্টের মধ্যে এক হাজার টাকার নোটের বান্ডেলগুলো থরে সাজানো ছিল।
ফ্ল্যাটের চারটি কক্ষের মধ্যে তিনটি কক্ষ থেকে পাঁচটি ভল্ট থেকে ওই টাকা উদ্ধার করা হয়। এছাড়া এনামুল ও রূপনের নামে প্রায় পাঁচ কোটি টাকার এফডিআর, বেশকিছু স্বর্ণালঙ্কার ও ক্যাসিনো সামগ্রী জব্দ করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার জানান, ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে ওয়ারীর ওই বাসার ভল্টে রক্ষিত সাড়ে ২৬ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। বর্তমানে টাকাগুলো গণনার কাজ শেষ হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর এনামুল ও রূপনদের গেণ্ডারিয়ার বাসায় এবং তাদের দুই কর্মচারীর বাসায় অভিযান চালিয়েছিল র্যাব। সে অভিযানে চারটি ভল্ট ভেঙে নগদ এক কোটি পাঁচ লাখ টাকা ও ৭৩০ ভরি স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছিল।


No comments