যুব ক্রিকেটের বিশ্বকাপ বাংলাদেশের
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জয় করে এই প্রথম কোন বিশ্ব শিরোপা অর্জনের স্বাদ পেলো বাংলাদেশ। স্নায়ুক্ষয়ী ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়েছে জুনিয়র aটাইগাররা।
ভারতের দেয়া ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো সূচনা করে দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন। দেখে-শুনে খেলে বাংলাদেশ দলকে যত দূর এগিয়ে নেয়া যায়, সেটাই চিন্তা ছিল দুই ওপেনারের। ৮.২ ওভারে দুজনে তুলেও নেন অর্ধশত রান। যেখানে ভারতীয় ব্যাটসম্যানরা শুরুতে বেশ ধুঁকে ব্যাট করছিল বাংলাদেশের বোলারদের সামনে, সেখানে টাইগার ব্যাটসম্যানরা বাংলাদেশকে এনে দিলেন উড়ন্ত সূচনা। এমন অবস্থায় বোলিংয়ে আসেন ভারতের আক্রমণের সেরা অস্ত্র রবি বিষ্ণুই। এই লেগ স্পিনার একাই তুলে নেন চার উইকেট।
প্রথমে এই স্পিনারের ওপরই চড়াও হন তানজিদ হাসান। ছক্কায় দলের রান নিয়ে গেলেন পঞ্চাশে। আরেকটি ছক্কার চেষ্টায় ফিরলেন ক্যাচ দিয়ে। ভাঙল ৫০ রানের জুটি। ২৫ বলে দুই চার ও এক ছক্কায় ১৭ রান করেন তানজিদ।
এর পরে ব্যট হাতে আসেন গত ম্যাচে সেঞ্চুরি করা মাহমুদুল হাসান। কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না তিনি। ১২ বলে ৮ রান করা মাহমুদুলকেও সাজ ঘরে ফেরান রবি বিষ্ণুই। এর পরেই বিষ্ণুর গুগলি বুঝতেই পারেননি হৃদয়। পিছিয়ে খেলতে গিয়ে বলে-ব্যাটে করতে পারেননি তিনি। এলবিডব্লিউ হয়ে ফিরে যান শূন্য রানে।
![]() |
| যুব ক্রিকেটের বিশ্বকাপ বাংলাদেশের |
তারপর দলের বিপদ বাড়িয়ে স্টাম্পড হয়ে ফিরে গেলেন শাহাদাত হোসেন। তিনিও শিকার হন বিষ্ণুইর। পা বাড়িয়ে খেলেছিলেন শাহাদাত। গড়িয়ে আসা বল ধরে বেল ফেলে দেন ধ্রুব জুরেল। এর পর ১৮ বল খেলে ৭ রান করে সাজ ঘরে ফেরেন শামীম হোসেন। তাকে ফেরান সুশান্ত মিশ্র।
২৩তম ওভারে ৩ বলের ব্যবধানে দুইবার জীবন পাওয়া অভিষেক পরের বলে হুক করতে গিয়ে ডিপ স্কয়ার লেগ থেকে দৌড়ে আসা কার্তিক ত্যাগীর হাতে ধরা পড়েন। ৭ বলে মাত্র ৫ রান করেন অভিষেক।
শেষে এসে হাল ধরে রিটায়ার্ড হার্ট হওয়া পারভেজ হোসেন। খুঁড়িয়ে খেলছিলেন পারভেজ। তবে আকবর আলীর সঙ্গে গড়েন চমৎকার একটা জুটি। রবি বিষ্ণুইয়ের দুটি ওভার খেলে দলে এনেছিলেন স্বস্তি। তাকে ফিরিয়ে বাংলাদেশকে বড় একটা ধাক্কা দিলেন যশস্বী জয়সাওয়াল।
কিন্তু অধিনায়ক আকবর আলীর ব্যাটে ফের জয়ের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। অধিনায়কের সঙ্গে সঙ্গ দিতে থাকেন রাকিবুল হাসান। শেষে জয় নিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক আকবর।মুঠোয় আসে অধরা বিশ্ব শিরোপা।
এর আগে, রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে টসে হেরে ব্যাট করতে নামে ভারত। প্রথম থেকেই বাংলাদেশের যুবাদের সাঁড়াশি বোলিংয়ের সামনে শক্তিশালী ভারত দাঁড়াতেই পারে নি। শেষেও অভিষেক দাস-শরীফুল ইসলামদের বোলিংয়ের সামনে ধুঁকেছে তারা। মাঝখানে কেবল ওপেনার যশস্বী জসওয়াল ও তিলক ভার্মা যা একটু প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু তাতেও বড় সংগ্রহ পায়নি ভারত। ৪৭.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৭ রানেই থেমে যায় ভারতের ইনিংস। দলটির পক্ষে জসওয়াল ৮৮ রান করেন। বাংলাদেশের অভিষেক তিন উইকেট এবং শরীফুল ও সাকিব দুটি করে উইকেট শিকার করেন।


No comments