মাদক-জঙ্গি-দুর্নীতি দমনেও সশস্ত্র বাহিনীকে এগিয়ে আসার আহ্বান
![]() |
| মাদক-জঙ্গি-দুর্নীতি দমনেও সশস্ত্র বাহিনীকে এগিয়ে আসার আহ্বান |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেদের নৈপূণ্যই, কর্মদক্ষতা এবং মানবিক গুণাবলী দিয়ে বিশ্বজয় করেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। সেই সম্মান ও জনগণের আস্থা ধরে রেখে দেশের স্বার্বভৌমত্ব, সম্পদ ও সম্মান রক্ষায় সামরিক বাহিনীকে কাজ করে যাওয়ার নির্দেশ দেন তিনি।
আজ (রোববার) সকালে মিরপুরে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষের কোর্স সম্পন্নকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের সনদ বিতরণ অনুষ্ঠানে এসব বলেন শেখ হাসিনা। এ সময় মাদক-জঙ্গিবাদ-দুর্নীতি দমনে সামরিক বাহিনীকে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিয়ে যুগোপযোগী করে গড়ে তুলতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত রাজধানীর মিরপুরের সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ-ডিএসসিএসসি। আজ (রোববার) সকালে স্টাফ কলেজ মিলনায়তনে ২০১৯-২০ শিক্ষাবর্ষে কোর্স সম্পন্নকারী ২৩৫ জন দেশি-বিদেশি সেনা-নৌ-বিমানবাহিনীর সদস্যদের হাতে সনদপত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বছর বাংলাদেশ সেনাবাহিনীর ১২৫জন, নৌবাহিনীর ৩৪জন এবং বিমান বাহিনীর ২২জন কর্মকর্তা সাফল্যের সাথে কোর্স সম্পন্ন করেছেন। এছাড়াও চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তানসহ অন্যান্য দেশের ৫৪ জন গ্র্যাজুয়েট অফিসারের হাতে সনদপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।
কোর্স সম্পন্নকারী কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, শান্তি মিশনে কেবল নৈপূণ্যই নয়, মানবিক গুনাবলী দিয়ে বিশ্বজয় করেছে বাংলাদেশের স্বশস্ত্র বাহিনী। আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি সামরিক বাহিনীর আধুনিকায়নে সফল হয়েছে সরকার।
দেশে ও বহির্বিশ্বে দায়িত্ব পালনের সময় মানুষের আস্থা ও সম্মান অর্জনের কথা উল্লেখ করে দেশের স্বার্বভৌমত্ব, সম্পদ ও সম্মান রক্ষায় সামরিক বাহিনীকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এ সময় মাদক, সন্ত্রাস ও দুর্নীতি রোধে সরকারকে সহযোগিতা করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চান শেখ হাসিনা।
দেশের আর্থ সামাজিক উন্নয়নে নেয়া দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



No comments