নাটোরে জোর করে স্কুল ছাত্রদের চুল কর্তন,ক্ষোভ!
![]() |
| নাটোরে জোর করে স্কুল ছাত্রদের চুল কর্তন,ক্ষোভ! |
নাটোরের বড়াইগ্রামে একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক জোর করে অর্ধশত ছাত্রের চুল কেটে দেয়ার ঘটনায় দেখা দিয়েছে ক্ষোভ। শিক্ষার্থী ও অভিভাবকদের তোপের মুখে বড়াইগ্রামের জোয়াড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে উপজেলা প্রশাসন। সেই সাথে ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে, অভিযুক্ত প্রধান শিক্ষক বলছেন, অমার্জিতভাবে চুল রাখায় তা কেটে দেয়া হয়েছে।
প্রধান শিক্ষকের নির্দেশ মেনে চুল না কাটায় নাটোরের বড়াইগ্রামে জোয়াড়ী উচ্চ বিদ্যালয়ের অর্ধশত ছাত্রের চুল নিজ হাতে ছেটে দিয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক সেকেন্দার আলী। কিছুদিন আগে তিনি ছাত্রদের চুল ছোট করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তা না মানায় রোববার জোর করেই চুল কেটে দেন তিনি। শিক্ষার্থীদের অভিযোগ, এসময় তাদের কয়েকজন মাথায় আঘাতও পায়।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়টির শিক্ষার্থীরা ওই শিক্ষককে নিজ কক্ষে অবরুদ্ধ করে বিক্ষোভ করে। এক পযার্য়ে অভিভাবকরাও বিক্ষোভে যোগ দেন। এই ঘটনার উপযুক্ত শাস্তি দাবি করেন তারা।
এমন পরিস্থিতিতে প্রধান শিক্ষক পুরো বিষয় পুলিশকে জানান। পরে পুলিশের পক্ষ থেকে উপজেলা নিবার্হী কর্মকর্তাকে জানানো হয়। তিনি প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভের অবসান হয়।
উদ্ভুত পরিস্থিতিতে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত এবং ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কমিটিকে ৩ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এদিকে, অভিযুক্ত প্রধান শিক্ষক জানান, কিছু শিক্ষার্থী অমার্জিতভাবে চুল রেখেছিলো। বিভিন্ন সময়ে সতর্ক করার পরও তারা চুল না কাটায় তিনি নিজেই কেটে দিয়েছেন।
বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষককে ভারপ্রাপ্ত প্র্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করেছে উপজেলা প্রশাসন।



No comments