খুলনায় মায়ের সামনে তরুণী খুশিকে গুলি করে হত্যার অভিযোগ
![]() |
| খুলনায় মায়ের সামনে তরুণী খুশিকে গুলি করে হত্যার অভিযোগ, অভিযুক্ত মিরাজ |
খুলনার লবণচোরা এলাকার জিন্নাপাড়া বউবাজারে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মায়ের সামনে খুশি (২৪) নামে এক তরুণীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে মিরাজ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি জড়িত বলে জানা গেছে।
নিহত খুশি ওই এলাকার খোকন শেখের মেয়ে এবং সুমন সর্দারের স্ত্রী। ঘটনার সময় খুশি বাড়ির সামনে মায়ের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় মোটরসাইকেলে করে মিরাজ ও তার এক সহযোগী সেখানে আসেন। প্রথমে তারা খুশির মায়ের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে মিরাজ খুশিকে জিজ্ঞেস করেন, ‘আপু, তুমি কেমন আছো?’ খুশি জবাব দেন, ‘হ্যাঁ, ভালো আছি ভাইয়া।’
এরপরই হঠাৎ পকেট থেকে পিস্তল বের করে খুশির মাথায় গুলি করেন মিরাজ বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। গুলিবিদ্ধ হয়ে খুশি মাটিতে লুটিয়ে পড়লে তাকে আরও দুই রাউন্ড গুলি করা হয় বলে অভিযোগ রয়েছে। মায়ের সামনেই এভাবে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলার পর মিরাজ ও তার সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় ব্যক্তি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। কী কারণে খুশিকে গুলি করে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
.jpg)

No comments